ময়মনসিংহ রেঞ্জে নাশকতা প্রতিরোধে ডিআইজির কঠোর বার্তা, আটক-গ্রেপ্তার ৩৮
ফাইল ফটো
ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল, ঝটিকা কর্মসূচি ও নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এ বিষয়ে সংশ্লিষ্ট চার জেলার পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ময়মনসিংহ, শেরপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে মিছিলের সরঞ্জাম, বাঁশের লাঠি, মশাল, দেশীয় অস্ত্র ও যানবাহন উদ্ধার করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ২৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার দড়িকালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিষিদ্ধ সংগঠনের প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে।
তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ময়মনসিংহের গৌরীপুরে নাশকতার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুতীর পাড় এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (৪২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাইদুল ইসলামের নিজ বাড়ি থেকে বিপুলসংখ্যক বাঁশের তৈরি লাঠিসোঁটা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, উদ্ধার করা লাঠিসোঁটা ব্যবহার করে মশাল মিছিল এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ছিল। গ্রেপ্তার সাইদুল ইসলাম ভাংনামারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে ২৭ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মিছিলের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঢাকা বাইপাস থেকে রহমতপুর বাইপাসগামী সড়কের নটর ডেম কলেজসংলগ্ন জালালের মোড় এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের প্রস্তুতিতে থাকা ব্যক্তিরা মশাল ও অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১২টি বৈঠা, ১৯টি মশাল স্টিক, বাঁশের লাঠি ও মিছিলের ব্যানার উদ্ধার করা হয়।
একই দিন রাত আড়াইটার দিকে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সাতটি মোটরসাইকেল, আটটি অটোরিকশা ও চার বান্ডেল লাঠি উদ্ধার করা হয়। এ ছাড়া বিকেল ৫টার দিকে কোতোয়ালী মডেল থানার কাঁচিঝুলি মোড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজনের বয়স ১৫ ও ১৬ বছর এবং অপরজনের বয়স ১৮ বছর বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের একাধিক অভিযানের পর ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য মিছিল, ঝটিকা কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশের দাবি, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য