জাতীয় প্রতিযোগিতায় সেরা দশে বগুড়ার কৃষি কর্মকর্তা সাইফুর রহমান
কৃষি ও কৃষকের নানা সমস্যা, আধুনিক প্রযুক্তি এবং নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরে জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু। এটিএন নিউজ আয়োজিত রিয়েলিটি শো 'বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬'-এর 'নেচার অ্যান্ড এগ্রিকালচার' বিভাগে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। এই বিভাগে নির্বাচিত একমাত্র কৃষিবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে তিনি পরবর্তী অডিশনের জন্যও মনোনীত হয়েছেন। সাইফুর রহমান পাপ্পু বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের উত্তর মধুমাঝিড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ে কর্মরত। চাকরির পাশাপাশি কৃষি ও কৃষকের উন্নয়নে ডিজিটাল মাধ্যমে কাজ করছেন তিনি। তার ইউটিউব চ্যানেল 'নিরাপদ কৃষি' এবং ফেসবুক পেজে নিয়মিত কৃষিবিষয়ক ভিডিও প্রকাশ করেন তিনি।পাপ্পু জানান, ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১০টি ক্যাটাগরিতে সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, নিজের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের একটি ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হয়। যাচাই-বাছাই শেষে প্রতিটি বিভাগ থেকে প্রথমে সেরা ২০ এবং পরে সেরা ১০ প্রতিযোগী নির্বাচন করা হয়। ২০২২ সাল থেকে কনটেন্ট তৈরি শুরু করা পাপ্পু এ পর্যন্ত কৃষিবিষয়ক ২৩০টির বেশি ভিডিও তৈরি করেছেন। এসব ভিডিওতে আধুনিক কৃষিপ্রযুক্তি, নতুন জাতের ফসলের সম্প্রসারণ, ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন, নিরাপদ উপায়ে ফসল উৎপাদন, মাটি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণসহ কৃষির নানা সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, সহকর্মী সাইফুর রহমান পাপ্পুর এই সাফল্য আমাদের পুরো কর্মপরিবেশের জন্য বড় অনুপ্রেরণা। তিনি কৃষিবিষয়ক কনটেন্ট তৈরির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার এই অর্জনে আমরা গর্বিত এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইল।

পাঠকের মন্তব্য