গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় পিবিআইয়ের সাফল্য: খণ্ডিত গাড়ি ও বিক্রির টাকাসহ ৫ আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক জাহিদ রহমানকে (২০) অপহরণের পর গজারি বনে নিয়ে নৃশংসভাবে হত্যার ক্লুলেস রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই গাজীপুর জেলা। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা এবং গাড়িটির খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন ইতিমধ্যে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুরের মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়ার মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জের ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণ ও তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর জাহিদ রহমান তার অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানাধীন কেওয়া ঘাট এলাকা থেকে যাত্রীসহ লতিফপুর-গোসিংগার দিকে রওনা হয়ে নিখোঁজ হন। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানাধীন সাতারখলা পশ্চিমপাড়া এলাকার বন বিভাগের গজারি বাগানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের হাত-পা, মুখ ও গলা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা, অপহরণ ও আলামত গোপনের অভিযোগে মামলা (নং-৫৪) দায়ের করেন। ২৮ নভেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই। পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। নিহত জাহিদ ও প্রধান অভিযুক্ত ইন্তাজ আলী পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজনে ইন্তাজ ও তার সহযোগীরা জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ছক কষেন। পরিকল্পনা অনুযায়ী, ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে ডেকে আনেন ইন্তাজ। এর আগেই সহযোগী হাবিবুল্লাহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি কিনে রাখেন।পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ যাত্রী সেজে জাহিদের অটোরিকশায় ওঠেন এবং কৌশলে তাকে গজারি বনের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে নির্মমভাবে শ্বাসরোধে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে আসামি আলম, জাহাঙ্গীর ও খলিলের সহযোগিতায় অটোরিকশাটি বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় চক্রটি। পিবিআই প্রধানের তত্ত্বাবধানে এবং গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন অভিযান চালিয়ে গত ২৭ নভেম্বর ওই পাঁচজনকে গ্রেপ্তার করেন।এ বিষয়ে পুলিশ সুপার মো. রকিবুল আক্তার পিপিএম-সেবা জানান, একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার পর গাড়ি ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। অপরাধীরা নির্জন স্থানে ক্লুলেস হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে বলে ভেবেছিল। কিন্তু পিবিআইয়ের পেশাদারিত্ব ও গোয়েন্দা তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মূল ঘাতকদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই হত্যাকাণ্ডে আর কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

পাঠকের মন্তব্য