নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী?
নায়িকা হিসেবে বড় পর্দায় পরিচিতি পেয়েছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও তাঁর পরিচয় আছে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়েছেন তিনি। এমনকি তাঁকে নিয়ে চলচ্চিত্রে প্রকাশিত হয়েছে ‘বুবলী, বুবলী বুবলী’ ও ‘মিস বুবলী’ শিরোনামের দুটি গান। এবার নিজের অভিনীত সিনেমায় কণ্ঠ দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার একটি গানে শোনা যাবে তাঁর কণ্ঠ। আগামী ডিসেম্বরে গানটির রেকর্ডিং হওয়ার কথা। নতুন বছরের ১৫ জানুয়ারি থেকে আবারও সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার পরিচালক জাহিদ হোসেন।
শবনম বুবলীজাহিদ হোসেন জানালেন, শুটিংয়ের সময় তিনি সাধারণত ডেমো গান ব্যবহার করেন। এই সিনেমায়ও কয়েকটি রিচ্যুয়াল গান রয়েছে। পাশাপাশি থাকছে রোমান্টিক ও স্যাড ধাঁচের গান। এমনই একটি স্যাড রোমান্টিক গানে বুবলীর কণ্ঠ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
বুবলী যে গান করেন, শুরুতে তা জানতেন না পরিচালক জাহিদ হোসেন। শুটিংয়ের সময় বিষয়টি জানতে পারেন। একটি রিচ্যুয়াল গানের দৃশ্য ধারণের সময় ডেমো গান শুনে বুবলী বেশ প্রশংসা করেন। গুনগুন করে গাইছিলেন। এটি শুনেছিলেন পরিচালক। তখনই তাঁর মাথায় আসে, ছবির একটি গানে বুবলীর কণ্ঠ ব্যবহার করা যায় কি না। পরিচালক বলেন, ‘আমি জানতাম না বুবলী গান করে। শুটিংয়ের সময় শুনলাম, সে গানও গায়। রিচ্যুয়াল যে গানে শুটিং হচ্ছিল, ডেমো শোনার পর বুবলী সেটির খুব প্রশংসা করে। এরপর আমি বুবলীকে বললাম, “তোমার কণ্ঠে গানটি রেকর্ড করা হলে কেমন হয়?” সে বলল, “আপনি যদি মনে করেন, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি।” তখন আমি বললাম, “তুমি গাইলে ভালো হয়।”’
শবনম বুবলীকেন বুবলীর কণ্ঠ বেছে নিতে চান পরিচালক? জাহিদ হোসেনের ব্যাখ্যাটা এ রকম, গানটির ধরন ও বুবলীর কণ্ঠের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছেন তিনি। তাঁর মতে, ‘এটি স্যাড রোমান্টিক ধাঁচের গান। বুবলীর কণ্ঠের সঙ্গেও মানিয়ে যায়। আমি খেয়াল করে দেখেছি, বুবলী যখন কথা বলে, তার মধ্যে একটা কান্নাজড়িত ব্যাপার থাকে। চেহারায়ও অসহায় অসহায় একটা বিষয় আছে। সবকিছু মিলিয়ে আমারও মনে হয়েছে,সিনেমার এই সিচ্যুয়েশনে ওর কণ্ঠেই গানটা হলে ভালো হয়।’
শবনম বুবলীঅবশ্য গান গাওয়ার অভিজ্ঞতা বুবলীর একেবারে নতুন নয়। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়েছেন তিনি। এ ছাড়া তাঁকে ঘিরে চলচ্চিত্রে প্রকাশিত হয়েছে ‘বুবলী, বুবলী বুবলী’ ও ‘মিস বুবলী’ শিরোনামের দুটি গান। তবে ‘ঢাকাইয়া দেবদাস’-এ গান গাওয়ার বিষয়টি আলাদা। এখানে নিজের অভিনীত চরিত্রের আবেগ ও পরিস্থিতির সঙ্গে মিল রেখেই কণ্ঠ দেবেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি গানের মাধ্যমে চরিত্রের অনুভূতি প্রকাশের সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী।
এদিকে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন বুবলী। সর্বশেষ এ বছরের ১৪ জানুয়ারি ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এরপর মাতৃত্বকালীন ছুটিতে চলে যান। দীর্ঘ বিরতির পর আগামী ১৫ জানুয়ারি থেকে আবারও শুটিংয়ে ফেরার কথা রয়েছে তাঁর।
শবনম বুবলী‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে পরিচালকের পরিকল্পনাও বড়। আগামী বছরের ঈদুল আজহার পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন জাহিদ হোসেন। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অভিনয়ের পাশাপাশি গানের কাজেও ব্যস্ত হয়ে উঠবেন বুবলী। বড় পর্দায় অভিনয়ের পর এবার নিজের কণ্ঠে চরিত্রের আবেগ কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

পাঠকের মন্তব্য