২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়
ফাইল ফটো
তোবারক হোসেন খোকন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভা আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশগ্রহণ করেন। সভায় বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সকল গাড়িচালকের পূর্ণাঙ্গ শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
একই সঙ্গে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে ২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ইউএনডিপির সহযোগিতায় একটি আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবিত জনবল কাঠামোটি আগামী কমিশনের আহ্বানকৃত সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য