মান্দায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরমে, দেখার যেন কেউ নেই
নওগাঁর মান্দায় একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়ায় কয়েকটি গ্রামের হাজারো মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা গেছে, উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের আইয়াপুর গ্রামের কাফির সরদারের বাড়ির সামনের এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। এর ফলে ওই সড়কে অটোভ্যান, ভুটভটি, নসিমন ও করিমনসহ সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার মেলেনি।
বিকল্প ব্যবস্থা না থাকায় এলাকার প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘দীর্ঘদিন ধরে কালভার্টটি ভেঙে আছে। এটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পেলে দ্রুতই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রকৌশলী (সদ্য যোগদানকৃত) শাহরিয়ার বলেন, ‘কালভার্টটি ভেঙে যাওয়ার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে জনস্বার্থে দ্রুত এটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য