সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ফটো
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার ফজরের নামাজের পর শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে একটি ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক জড়ো হয়ে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনাও ঘটে থাকতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো করা হয়নি। তবে সেখানে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে তাদের সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।
দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

পাঠকের মন্তব্য