মিঠাপুকুরে নবাগত এসিল্যান্ডকে বরণ ও বিদায়ী এসিল্যান্ডকে সংবর্ধনা
মেহেদী হাসান মুরাদ , মিঠাপুকুর : রংপুরের মিঠাপুকুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহানকে বরণ এবং বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মিঠাপুকুর ভূমি অফিসেরআয়োজনে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে নবাগত কর্মকর্তাকে বরণ এবং সম্মাননা ও ভালোবাসায় বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ বিদায়ী কর্মকর্তার কাজের প্রশংসা করে বলেন, ‘আশিক জামান অত্যন্ত কর্মঠ ছিলেন। মিঠাপুকুরে দায়িত্ব পালনকালে তাঁর কাছ থেকে আমরা সেটাই পেয়েছি।
পাশাপাশি তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহানকে নতুন কর্মস্থলে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেন। এ ছাড়া উপজেলার ১৭টি ইউনিয়নের তহসিলদার, অফিস স্টাফ এবং মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানের মিঠাপুকুরের কর্মজীবনের স্মৃতিময় অধ্যায়ের কথা স্মরণ করেন এবং তাঁর আগামী দিনের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি নবাগত সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহানকে নতুন কর্মস্থলে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালন সুন্দর, সফল ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য