জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক
ফাইল ফটো
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আসামিপক্ষের আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। নিরাপত্তাজনিত কারণে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান।
এর আগে গত ২৬ নভেম্বর টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। ওই দিন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একই সঙ্গে তাঁর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও তাঁর সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমও অভিযোগগুলোর পক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন।
গত ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাপ্রবাহ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পরদিন বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা ও আইনি বিভিন্ন দিক নিয়ে যুক্তি উপস্থাপন করা হয়।
এর আগে ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।

পাঠকের মন্তব্য