৪০ জনের বক্তব্য ও ভিডিও যাচাই, এক মাসেও কাটেনি তাহসিফের মৃত্যুরহস্য
ফাইল ফটো
এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আলামত যাচাই করা হয়েছে। তবে এখনো মৃত্যুরহস্য উন্মোচনের মতো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তকারীরা মনে করছেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন গুরুত্বপূর্ণ। তবে এখনো প্রতিবেদনটি হাতে পাননি তাঁরা। মৃত্যুর আগে তাহসিফের চলাচলের ধারাবাহিকতা, বাসা থেকে বের হওয়ার পর টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাঁর অবস্থান এবং মোবাইল ফোনের সর্বশেষ লোকেশনও বিশ্লেষণ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত চলমান রয়েছে। তদন্তের ধারাবাহিকতায় যেসব বিষয় সামনে আসবে, সেগুলো নিয়ে এখনই কিছু বলার সুযোগ নেই। এ মুহূর্তে বলার মতো সুনির্দিষ্ট তথ্য তাঁদের হাতে নেই।
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ২০২৪ সালের আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ।
তদন্তে জানা যায়, মরদেহ উদ্ধারের আগের দিন ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এ ঘটনায় প্রথমে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তের একপর্যায়ে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে জেরিকা তাসনিম দিশাকে দেখার সিসিটিভি ফুটেজও পায় পুলিশ। পরে তাঁকেও গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে দীপ ও দিশা দুজনই কারাগারে রয়েছেন।
শেষ রাতের ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন
তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের বাসা থেকে দীপের সঙ্গে বের হন তাহসিফ। পরে তাঁরা উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে তাহসিফের পূর্বপরিচিত এক তরুণীও তাঁদের সঙ্গে যোগ দেন।
দীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বারে ওই তরুণীর সঙ্গে তাহসিফের মনোমালিন্য হয়। পরে বার থেকে বেরিয়ে তাহসিফ তাঁকে বাসার সামনে নামিয়ে দেন। এরপর দীপকে নিয়ে টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় যান তিনি।
দীপের দাবি, সেখানে পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাঁরা দুদিকে দৌড়ে যান। তিনি তুরাগ নদের তীরে বিআইডব্লিউটিএর একটি পিলারের কাছে লুকিয়ে ছিলেন। পরে ওই দুই ব্যক্তি তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাহসিফের সঙ্গে এসেছেন জানালে তাঁকে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়। এরপর তাহসিফের সঙ্গে আর দেখা হয়নি বলে দাবি করেন দীপ।
তবে রাত ১টা ৩৫ মিনিটে মাকে পাঠানো ভয়েস বার্তায় তাহসিফ বলেন, ‘আসতেছি, রওনা দিছি’। এর চার মিনিট পর রাত ১টা ৩৯ মিনিটে দীপ তাঁদের মোহাম্মদপুরের বাসার দারোয়ানকে ফোন করে জানান, ফিরতে তাঁর দেরি হবে। পুলিশ জানতে পেরেছে, রাত আড়াইটার দিকে দীপ বাসায় ফেরেন।
এই সময়ের মধ্যে তাহসিফ কোথায় ছিলেন, কীভাবে তাঁর মৃত্যু হলো এবং মরদেহ নদীতে গেল কীভাবে—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
৪০ জনের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ যাচাই
তাহসিফের চলাচলের ধারাবাহিকতা বুঝতে তাঁর উত্তরার বাসা, একটি হোটেল, একটি বার এবং টঙ্গীর মাজার রোড বস্তি এলাকাকে তদন্তের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছে নৌ পুলিশ। এসব স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে মাজার রোড বস্তি এলাকার বাসিন্দা, হোটেল ও বারের কর্মী এবং পুলিশ সদস্যরা রয়েছেন। তাঁদের বক্তব্যের সঙ্গে ভিডিও ফুটেজ, ফোনের তথ্য ও অন্যান্য আলামত মিলিয়ে দেখা হচ্ছে।
আরেক কর্মকর্তা বলেন, শুধু একটি বক্তব্য বা আলামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাতে চান না তাঁরা। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
তদন্তকারীরা জানান, তাহসিফের মৃত্যুর রাতে টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় আট সদস্যের একটি পুলিশ টহল দল দায়িত্বে ছিল। ওই রাতে পুলিশের চলাচল, টহল দলের সদস্যদের অবস্থান এবং দীপের বক্তব্য যাচাইয়ের অংশ হিসেবে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দীপের বক্তব্যে পুলিশের পোশাক পরা দুই ব্যক্তির উপস্থিতির কথা আসার পর টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান নিশ্চিত করেছিলেন, ঘটনার রাতে তাঁর থানার একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। এ বিষয়ে তিনি বলেন, তিনিও এখন তদন্তের অংশ। তদন্তকারী কর্মকর্তারা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিস্তারিত তাঁরাই বলতে পারবেন।
দীপের বক্তব্যের সঙ্গে পুলিশের বক্তব্যের মিল রয়েছে কি না, জানতে চাইলে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন। তাঁরা অনেকের সঙ্গে কথা বলছেন। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস বার্তা পাঠানোর সময় তাহসিফের অবস্থান কোথায় ছিল, সেটিও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।
ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা
তাহসিফের মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সেখানে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ফরেনসিক পরীক্ষার জন্য পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন বলেন, পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।
তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার আগের ও পরের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।
কারাগারে দীপ ও দিশা, বাবার দাবি হত্যা
তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর ৩০ অক্টোবর রাতে তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় কাউকে আসামি করা হয়নি।
এর আগে পিবিআই ছায়া তদন্তের অংশ হিসেবে দীপকে হেফাজতে নেয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে দীপ ও দিশাকে গ্রেপ্তার দেখায় নৌ পুলিশ। তিন দফা রিমান্ড শেষে ৮ নভেম্বর দীপকে এবং দুই দফা রিমান্ড শেষে ৬ নভেম্বর দিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিমের ধারণা, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কারাগারে থাকা দীপ ও দিশা এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
এনায়েতুল করিম বলেন, সরকার বিষয়টি আন্তরিকভাবে দেখছে বলে তিনি মনে করেন। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত ঘটনা বোঝা যাবে। তদন্ত কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, কর্মকর্তা মাঝেমধ্যে তাঁর সঙ্গে কথা বলেন এবং আন্তরিকভাবে বিষয়টি দেখছেন। তবে তদন্ত শেষ না হওয়ায় এখনো তাঁকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত কর্মকর্তারা একাধিকবার তাঁর বাসায় গিয়ে বিভিন্ন তথ্য যাচাই করেছেন বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য