শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ
গাজীপুরের শ্রীপুরে এক রাতে দুই জায়গায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরিত হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনের সড়কে, বাকি দুটি শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল শনিবার রাত ১০টা ২৫ মিনিটে ইউএনওর বাসভবনের সামনের সড়কে দুর্বৃত্তরা প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পাঁচ মিনিট পর, রাত সাড়ে ১০টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সেতুর নিচে বিস্ফোরিত হয়।
স্থানীয় কয়েকজন বলেন, বিকট শব্দে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়, অনেকে নিরাপদ স্থানে সরে যান। মাওনা চৌরাস্তার ব্যবসায়ীরা জানান, উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল ছোড়া হয়। শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা লাল স্কচটেপ প্যাঁচানো দুটি বিস্ফোরিত বস্তু পড়ে থাকতে দেখেন।
শ্রীপুরের ইউএনও মো. নাহিদ ভূঞা প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের সময় তিনি বাসভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে নিচে নেমে ঘটনাটি জানতে পারেন। সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। আশপাশের অন্যান্য ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য