বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাইলেন বিএনপি নেতা
ফাইল ফটো
রোববার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাহবুবের রহমান শামীম বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি দেশে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে গুম, খুন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শেখ হাসিনার বিচার দেখতে চান দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার সময়ে পলাতক গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিশু, কিশোর, শ্রমিকসহ সাধারণ মানুষ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং এ ঘটনায় কেউ দায়মুক্তি পাবে না। নিষিদ্ধ সংগঠনের নামে কেউ নাশকতা, অগ্নিসংযোগ বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ধ্বংস ও দেশের সম্পদ লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুরুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নিউমার্কেট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি লালদীঘি মোড়ে গিয়ে শেষ হয়।

পাঠকের মন্তব্য