চাঁপাইনবাবগঞ্জে বিসিডিএস সদস্যদের মানববন্ধন
সাখাওয়াত জামিল দোলন , চাঁপাইনবাবগঞ্জ : স্বৈরাচার বেনু হটাও, বিসিডিএস বাঁচাও” শ্লোগাণে বিসিডিএস জেলা শাখার সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার (২৯ নভেম্বর) সকালে পৌর এরাকার বড় ইন্দারা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে বিসিডিএস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সদস্যরা। এ সময় তারা বর্তমান সভাপতির পদত্যাগ দাবী করেন। অন্যথায় জেলাব্যাপি ফার্মেসী বন্ধের লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১২ বছরের অধিক সময় ধরে গঠনতন্ত্র ও নিয়মতান্ত্রিক উপায়ে কোনো কমিটি না করে পচ্ছন্দের গুটি কয়েক সদস্য নিয়ে জোরপূর্বক সভাপতির পদ ধরে রেখে একক সিদ্ধান্তে নিয়মবহির্ভূতভাবে কমিটি পরিচালনা করছেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মশিউর রহমান বেনু। তিনি বিগত ৬ বছর ধরে সাধারন সভা না করে অনিয়ম-দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন।
পারিবারিক ও পছন্দের লোকজনকে নিজস্ব বাগানের আম পাঠিয়ে সেই আমের দাম ৫ লক্ষ টাকা সমিতির বিলে দেখিয়ে মোটা অংকের আর্থিক লেনদেনে ঘাপলা করেছেন। এছাড়াও দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে নিজে নিয়মিত মাসিক সদস্য চাঁদা দিলেও উল্টো সদস্যদের দেয়া চাঁদার হিসাবও তিনি দিতে পারেননি। আর তাই সংগঠনের ব্যাংক হিসাবের লক্ষাধিক টাকা আত্মসাৎ, নামমাত্র উপস্থিতিতে পকেট কমিটি গঠন, সংগঠনের গাড়িতে ব্যক্তিগত আধিপত্য, অফিস ভাড়ার নামে অযৌক্তিক অর্থায়ন, আম ক্রয়ের নামে ভুয়া বিল এবং মোবাইল বিল বাবদ অবৈধভাবে ৩ লক্ষ ২০ হাজার টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিতে ৫ দফা দাবি উত্থাপন করেন মানববন্ধনে আগত সদস্যরা। এছাড়া আগামী বুধবার সন্ধ্যার মধ্যে সভাপতির পদ থেকে বর্তমান সভাপতি মশিউর রহমান বেনু পদত্যাগ না করলে জেলার আড়াইশ ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি দেন জেলা বিসিডিএসের সদস্যরা।
তবে সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে বিসিডিএস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মশিউর রহমান বেনু বলেন, নিয়ম মেনেই কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং হচ্ছে। মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি-বিসিডিএস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. তোফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসিরুদ্দিন, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবাদ দত্ত, ফার্মেসি মালিক, তহরুল ইসলাম, সামসুল আলম, মাওলানা এম.এ আলী আকবর খান, তফিকুল ইসলাম বাবুসহ অন্যান্যরা।

পাঠকের মন্তব্য