পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত
ফাইল ফটো
২৯ নভেম্বর ভোরে শত্রুমুক্ত হয় পঞ্চগড়, যুদ্ধে শহীদ হন ৪৮ মুক্তিযোদ্ধাসহ শতাধিক মিত্রবাহিনীর সদস্য। ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পঞ্চগড়। দিবসটি উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাড়ে শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চের পর সারাদেশে পাকিস্তানি বাহিনীর অভিযান শুরু হলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত ছিল। ১৭ এপ্রিল সকালে পাকবাহিনী পঞ্চগড় দখল করে নেয়। তবে অমরখানায় চাওয়াই নদীর ওপর সেতু মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাকবাহিনী তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে পুরো মুক্তিযুদ্ধের সময় তেঁতুলিয়া মুক্তাঞ্চল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ সভাও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর অবস্থানে আক্রমণ শুরু করে। ধারাবাহিক অভিযানে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া এবং ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ আটোয়ারী, মির্জাপুর ও ধামোর এলাকা শত্রুমুক্ত হয়।
২৮ নভেম্বর চারদিক থেকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর তীব্র আক্রমণে পঞ্চগড় শহরে অবস্থানরত পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। রাতভর সম্মিলিত আক্রমণের মুখে তারা পঞ্চগড় ছেড়ে সৈয়দপুরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে ২৯ নভেম্বর ভোরে সম্পূর্ণ শত্রুমুক্ত হয় পঞ্চগড়।পঞ্চগড় মুক্ত করার এই সম্মুখযুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ ভারতীয় মিত্রবাহিনীর শতাধিক সদস্য শহীদ হন। আহত হন আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতার পথে মুক্তির স্বাদ পায় পঞ্চগড়।

পাঠকের মন্তব্য