ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে টুঙ্গিপাড়ার যুবক আটক
শেখ মমতাজ হোসেন , সাতক্ষীরা : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রান্ত তালুকদার (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক প্রান্ত তালুকদারের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে। তাঁর বাবার নাম উত্তম তালুকদার। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হিজলদী বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) আওতাধীন ১৩/৪ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির একটি টহল দল তাঁকে আটক করে।বিজিবির কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দাবি করেছেন, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে তিনি অংশ নিয়েছিলেন। ওই সময় বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। পরে গ্রেপ্তার এড়াতে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং সেখানকার হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। শনিবার দেশে ফেরার পথে তিনি বিজিবির হাতে ধরা পড়েন।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি সদস্যরা শনিবার রাতেই আটক যুবককে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

পাঠকের মন্তব্য