মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
ফাইল ফটো
রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। এতে সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করতে হবে। যেকোনো পরিস্থিতি পেশাদারত্ব, দক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
পুলিশপ্রধান আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব প্রচারণায় প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মামলার তদন্তের মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, থানায় দায়ের করা প্রতিটি মামলার সুষ্ঠু ও যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। বিশেষ করে অপমৃত্যুর মামলাসহ সব মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন।
সভায় অক্টোবর মাসের উল্লেখযোগ্য ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পাঠকের মন্তব্য