লিবিয়ায় জিম্মি ছেলেকে উদ্ধারে ৫ লাখ দিয়েও সন্ধান নেই, ফের ৪২ লাখ দাবি
ফাইল ফটো
লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে জিম্মি গাইবান্ধার এক যুবককে উদ্ধারের আশায় পাঁচ লাখ টাকা দিয়েও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। উল্টো ছেলেকে উদ্ধার করে দেশে ফেরানোর কথা বলে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি।
২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়া থেকে সাইফুলের স্ত্রীর ফোনে যোগাযোগ করে জানানো হয়, তাঁকে আটক রাখা হয়েছে। মুক্তির জন্য ৩০ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। মুক্তিপণের অর্ধেক পরিশোধ না করা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হবে না বলে জানায় চক্রটি।
ছেলের জীবন বাঁচানোর আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে পাঁচ লাখ টাকা পাঠায় পরিবার। কিন্তু অর্থ পাওয়ার পরও সাইফুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। পরে সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীকে উদ্ধারের আশ্বাস দিয়ে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলেন। সেখানে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের কাছে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামে দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর টাকা দেবেন না বলে জানান আব্দুস সামাদ। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি।
এ ঘটনায় গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন আব্দুস সামাদ। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মনোয়ার ও সোহেল রানাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের পরিচয়, পাচারের রুট এবং লিবিয়ায় সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। তাঁকে উদ্ধারের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পাঠকের মন্তব্য