জীবনের ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল
ফাইল ফটো
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পরে উদ্ধার করা অস্ত্রগুলো নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে সংরক্ষণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ওই দিন সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও কয়েকটি যানবাহন পুড়ে যায়। এ পরিস্থিতিতে থানার অস্ত্রাগারে থাকা বিপুলসংখ্যক অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে ১০ থেকে ১২ সদস্যের একটি দল দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাঁরা থানার ভেতরে প্রবেশ করে অস্ত্রাগারের তালা ভেঙে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। পরে সেগুলো ফরিদপুর পুলিশ লাইনে নেওয়া হয়।
সালথা থানার ওসি বাবলুর রহমান খান জানান, দায়িত্বের অংশ হিসেবেই তিনি সহকর্মীদের নিয়ে মুকসুদপুর থানায় যান। পরে অস্ত্রগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সালথা থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনবার্তায় বলা হয়, প্রতিকূল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি ও তাঁর দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ওসি বাবলুর রহমান খানসহ তাঁর দলের সদস্যদের জেলা পুলিশের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হবে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচের পক্ষ থেকেও ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে। তাঁদের এ ভূমিকা পুরো ব্যাচের জন্য গর্বের বলে উল্লেখ করা হয়।

পাঠকের মন্তব্য