সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সালথা শাখার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। তবে শাখা ব্যবস্থাপক ও কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনে দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে নিচতলায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি টের পান শাখা ব্যবস্থাপক মো. রাজীব হোসেন। পরে তিনি সহকর্মীদের নিয়ে দ্রুত নিচে নেমে আসেন এবং মোটরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া বের হতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই। সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কী উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকের মন্তব্য