বনদস্যু নির্মূলের দাবিতে গাবুরায় জেলে পরিবারের মানববন্ধন
শেখ মমতাজ হোসেন , সাতক্ষীরা : সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের অপতৎপরতা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ওয়াপদার রাস্তায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলে পরিবারের সদস্য, নারী, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলের হাজার হাজার মানুষের জীবিকা। কিন্তু বনদস্যুদের অপতৎপরতায় জেলে ও বাওয়ালিরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মাছ ও কাঁকড়া আহরণে বনে গিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে অসংখ্য জেলে পরিবার। বক্তব্য রাখেন বনদস্যু নির্মূল কমিটির সদস্য ও পরিবেশকর্মী আশিকুর রহমান, গাবুরার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, কমিটির মুখ্য সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, স্থানীয় সমাজসেবক জনাব আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তারসহ অন্যরা।
মানববন্ধনে অংশ নেওয়া ময়না খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গেলে স্বজনদের দুশ্চিন্তায় থাকতে হয়। কখন অপহরণ কিংবা মুক্তিপণের খবর আসে, সেই আতঙ্ক নিয়েই দিন কাটে। তারা চান, পরিবারের সদস্যরা নিরাপদে বনে গিয়ে সুস্থভাবে বাড়ি ফিরুক। ফাতেমা খাতুন বলেন, বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে রয়েছে। পুরুষ সদস্যরা বনে যেতে ভয় পান। সুন্দরবন দস্যুমুক্ত হলে উপকূলের অসংখ্য পরিবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
বক্তারা আরও বলেন, বনদস্যুতা শুধু মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি নয়, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও বড় বিপদ। তাই বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বন্ধ, দস্যুদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। তাই সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি উপকূলবাসীর প্রাণের দাবি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

পাঠকের মন্তব্য