শ্যামনগর পৌরসভার উন্নয়নে ইনসাফভিত্তিক কাজের প্রতিশ্রুতি মেয়র প্রার্থী রেজা আহমেদের
সাতক্ষীরার নবগঠিত শ্যামনগর পৌরসভাকে একটি উন্নত, আধুনিক, জনবান্ধব ও নাগরিকসেবামুখী মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। রেজা আহমেদ জানান, শ্যামনগর পৌরসভার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তিনি অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধানের উদ্যোগ নেবেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ, ট্যাক্স, জন্ম নিবন্ধন ও সুপেয় পানির সমস্যা সমাধানে তিনি টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে শুধু প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব শেষ করতে চাই না। মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাকে সামনে রেখে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করতে চাই। পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের নাগরিক অধিকার ও প্রাপ্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, শিক্ষা ও যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দুর্যোগপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকেও তিনি তার নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন।তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন কোনো একক ব্যক্তি বা এলাকার জন্য নয়; বরং প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সমান নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। জনগণের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামনগর পৌরসভার যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, রাস্তাঘাট, খাল সংস্কার ও মাদক নিয়ন্ত্রণসহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সক্ষম এমন নেতৃত্বের প্রত্যাশা করছেন তারা। স্থানীয়দের প্রত্যাশা, দায়িত্ব গ্রহণকারী নেতৃত্ব যেন ইনসাফভিত্তিক, বাস্তবসম্মত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শ্যামনগর পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তর করেন।

পাঠকের মন্তব্য