উখিয়ায় অতিথি পাখি শিকারের ফাঁদ ধ্বংস, জব্দ জাল ও ৮টি বক উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উখিয়া বন রেঞ্জ। অভিযানে পাখি শিকারের কাজে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস এবং শিকারের জাল জব্দ করা হয়েছে। এ সময় শিকারিদের কবল থেকে জীবিত ৮টি বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিরাপদে অবমুক্ত করা হয়। সোমবার (১৬ নভেম্বর) উখিয়ার মাছকারিয়া ডেবাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উখিয়া বন রেঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে পাখি শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। একই সঙ্গে শিকারিদের পাতা ফাঁদ ও কৌশলগতভাবে ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করা হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, অতিথি পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। জলাভূমি, বিল, হাওর ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখির ভূমিকা অপরিসীম। বিশেষ করে পরিযায়ী পাখি পরিবেশের জীববৈচিত্র্য ও খাদ্যশৃঙ্খল সচল রাখতে সহায়তা করে। কিন্তু একশ্রেণির অসাধু শিকারি অবৈধভাবে ফাঁদ, জাল ও কৃত্রিম পাখি ব্যবহার করে অতিথি পাখি শিকার করছে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।এ ধরনের শিকার শুধু বন্যপ্রাণীর অস্তিত্বকেই বিপন্ন করে না, বরং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক ও বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অতিথি পাখি সংরক্ষণ এবং অবৈধ শিকার বন্ধে বন বিভাগের নজরদারি জোরদার করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাখি শিকার ও বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মন্তব্য