রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম আবাসন কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় কোম্পানিটির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।ভুক্তভোগীদের অভিযোগ, ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে কৃষকদের জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করে নিয়েছে। পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় মালিকরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। জমিতে যাওয়ার চেষ্টা করলে তাঁদের নানা ধরনের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে। প্রশাসনের কাছে প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান এলাকাবাসী।বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল সৃজনের অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।

পাঠকের মন্তব্য