দৌলতপুরে ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের কারণে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে পাকা ধানের সোনালি আভা। ভালো ফলন পেয়ে কৃষকের মুখে ফুটেছে হাসি। সেই সোনালি ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, কোথাও চলছে পাকা ধান কাটা, আবার কোথাও ধান মাড়াই ও শুকানোর কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক, শ্রমিক ও পরিবারের সদস্যরা ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক শ্রমিকের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে ফসল ঘরে তুলছেন। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলনামূলক কম থাকায় তারা কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন।
ফলে উৎপাদিত ধান ঘরে তুলতে পেরে কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। তবে ধান কাটা, মাড়াই ও পরিবহনের খরচ নিয়ে কিছুটা চিন্তিত কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া গেলে তাদের পরিশ্রম সার্থক হবে বলে আশা করছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন জানান, উপজেলায় ১৯ হাজার ৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কৃষকদের প্রত্যাশা, ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হলে চলতি মৌসুমে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কৃষিতে নতুন করে আশার সঞ্চার হবে।

পাঠকের মন্তব্য