ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এজাহার দাখিল করলে ফতুল্লা থানার মামলা নং-৬৭, তারিখ- ২৩/১১/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০২/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই (নিঃ) মো. রফিক, বিপিএম। নিহত কনস্টেবল/১৭৫৩ আনোয়ার মোল্লা, বিপি-৯৮১৮২১০৫৬৪, পিতা- জওন মোল্লা, মাতা- হাবিয়া বেগম, গ্রাম- দত্তখন্ড, পো.- পাতিলঝাপ, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা। তিনি নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা যায়, এএসআই (নিঃ) আব্দুস ছাত্তার, বিপি-৮৪০২০৫৬৪৪৭ এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যাওয়ার পর গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার মধ্যে দুর্বৃত্তরা পুলিশের ওপর আক্রমণ করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আঘাত করলে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জে ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় তাঁকে মৃত ঘোষণা করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম কনস্টেবল আনোয়ার মোল্লা গত ২০১৮ খ্রি. বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হন। তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দীর্ঘ ০৮ বছর ০৯ মাস ১২ দিন চাকরি সম্পন্ন করেছেন বলে জানা যায়।

পাঠকের মন্তব্য