দশমিনায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দশমিনায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানাধীন বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুরিয়া গ্রামের শাহাবুদ্দিনের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন চিংগুরিয়া গ্রামের বাসিন্দা মো. জুবায়ের (২৪) ও মো. বশির মৃধা (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে দশমিনার বিভিন্ন এলাকায় তরুণ ও যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই তাদের ওপর নজরদারি করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত দশমিনা গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এদিকে, এই অভিযানের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

পাঠকের মন্তব্য