পিরোজপুরের নেছারাবাদে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত
সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। শনিবার সন্ধ্যায় হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের ক্বারীরা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। অংশগ্রহণকারী ক্বারীরা হলেন—মিসরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের আব্দুল কবির হায়দারী, ইরানের ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আয়োজকরা জানান, কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া ও ধর্মীয় চেতনা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, এটি সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ। কুরআন প্রেমীদের জন্য প্রতি বছরই এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আল্লাহর কালামের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে ফাউন্ডেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র কুরআনের খেদমতে ফাউন্ডেশনের কার্যক্রম আরও ত্বরান্বিত করতে তিনি সবার দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য