মোহাম্মদপুরে ককটেলসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফাইল ফটো
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহসিন (২৫)। তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুজ্জামান ও এসআই রাজু আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নূরজাহান রোডের তেহারি ঘর নামের একটি খাবার হোটেল থেকে মহসিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, মহসিনের কাছে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তিনি সরকারবিরোধী বিভিন্ন পোস্ট ও লেখালেখি করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় নাশকতার পরিকল্পনা নিয়ে তিনি মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং মিছিলের কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের সভা-সমাবেশ ও মিছিলে তাঁর অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও মেসেঞ্জার গ্রুপেও তিনি সক্রিয় ছিলেন বলে পুলিশের দাবি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, দুটি অবিস্ফোরিত ককটেলসহ মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মন্তব্য