‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি
পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়া গ্রামের এই তরুণ পড়াশোনার পাশাপাশি হোটেলে চাকরি করে সংসার চালাতেন। তাঁর আয় দিয়েই চলত অসুস্থ বাবার চিকিৎসা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশাহারা তাঁর বৃদ্ধ বাবা মোস্তফা শেখ।
গত বৃহস্পতিবার রাতে হোটেলে ঢুকে ছুরিকাঘাত করে নাঈমুর রহমানকে (২৩) হত্যা করা হয়। এ সময় নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক, কর্মীসহ আরও চারজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার সকালে নাঈমুরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা তাঁর শোকে মুহ্যমান। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর লাশ বাড়িতে আনা হয়। রাত ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আজ সকালে নাঈমুরের বাবা ও পরিবারের অন্য সদস্যরা তাঁর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন।
নাঈমুরের বড় ভাই দুর্জয় শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নাঈমুর আর আমি পিঠাপিঠি দুই ভাই। বয়সের ব্যবধান খুব কম। অল্প বয়সে আমাদের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বাবা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। আমি বাড়িতে থেকে বাবার দেখাশোনা ও সংসারের কাজ করি। নাঈমুরই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।’
গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২দুর্জয় শেখ আরও বলেন, তাঁর বাবা বিভিন্ন রোগে আক্রান্ত। প্রতি মাসে বাবার ওষুধের জন্য ৮ থেকে ১০ হাজার টাকা প্রয়োজন হয়। সংসারের খরচের পাশাপাশি বাবার ওষুধপথ্যের সব ব্যয় বহন করতেন নাঈমুর। তাঁর মৃত্যুতে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
নিহত নাঈমুর রহমাননাঈমুরের চাচা আবুল বাশার জানান, ছোটবেলা থেকেই নাঈমুর অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে চাকরি শুরু করেন।
একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন বাবা মোস্তফা শেখ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ঠিকমতো দেখতে পাই না। শরীরে নানা অসুখ। তারপরও দুই ছেলেকে নিয়ে বেঁচে ছিলাম। ঘাতকেরা আমার নাঈমুরকে নির্মমভাবে হত্যা করল। আমি একেবারে শেষ হয়ে গেলাম। আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
ব্যবস্থাপক খুন: হোটেলে ঢুকে ছুরি নিয়ে হামলা চালান বাবা–ছেলেপুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে টিকাটুলীর হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের সামনে থাকা একটি মুরগির দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের কর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেন। এতে নাঈমুরসহ তিনজন আহত হন। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাঠকের মন্তব্য