প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান
ফাইল ফটো
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাড়ে ১৫ বছর ধরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে থাকা দলীয় অফিসে প্রবেশ করতে পারেননি তারা। সরকারের শেষ সময়ে দলটিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে চার দিনের মাথায় গণআন্দোলনের মুখে ওই সরকার দেশ ছাড়তে বাধ্য হয় বলে মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করা হলে তা টেকসই হবে না। এতে দেশের কোনো কল্যাণ হবে না; বরং অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবার সুযোগ পেতে পারে। সমস্যার সমাধান করে জনগণের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর অতীতে নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দলটির শীর্ষ ১২ নেতার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের আয়োজন করা হয়েছিল বলে তারা মনে করেন। তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। কেউ ফাঁসিতে, আবার কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনের পর অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। সরকারকে এসব বিষয়ে জাতির সামনে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, জনবল নিয়োগ ও কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেটি বন্ধ করে জনবল প্রত্যাহার করেছে। তাঁর মতে, এটি জনগণের সঙ্গে করা অঙ্গীকারের পরিপন্থী।
সংবিধান সংস্কার ও সংশোধনের পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন সংশোধনের পথে এগোনো হচ্ছে। তাঁর দাবি, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গণভোটের মাধ্যমে হওয়া সংস্কারকে আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে না; কিন্তু সংশোধনের ক্ষেত্রে আদালতে চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। এ বিষয়ে সংসদ ও আদালতের অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, অতীতের রাজনৈতিক ধারায় ফিরে না গিয়ে মেধার মূল্যায়ন, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সব শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করে দেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু স্থানীয় সরকারসহ বিভিন্ন পর্যায়ে অনির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিভিন্ন প্রতিষ্ঠান দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে চলে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদে পণ্যের দামের তালিকা তুলে ধরা হলেও আগের বছরের তুলনায় গ্যাস ও বিদ্যুতের দাম কত বেড়েছে, তা যথাযথভাবে উল্লেখ করা হয় না। সব সমস্যার দায় অতীতের সরকার ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি দুর্নীতির বিভিন্ন ঘটনা আড়ালে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেন।
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাতটি এমনিতেই নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। কাঁচামাল, উপকরণ ও মূলধনি যন্ত্রপাতির বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাঁর ভাষ্য, শিল্পের সর্বোচ্চ ১০ শতাংশ উপকরণ দেশীয়, বাকি ৯০ শতাংশই আমদানিনির্ভর।
তিনি বলেন, শিল্পখাতের অস্থিরতা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা দাবি আদায়ে রাস্তায় নেমেছেন। শিল্প ও শ্রমিক—দুই পক্ষের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। তাই শিল্পের পাশাপাশি শ্রমিকদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তৈরি পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, প্রতিবেশী কয়েকটি দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের এ শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ শিল্পকে দুর্বল করার পেছনে তাদের কোনো ভূমিকা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

পাঠকের মন্তব্য