বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
ফাইল ফটো
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। মাহ্দী আমিন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষার প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে।
তিনি জানান, সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই এবং নিয়োগকর্তার পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত এ উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপি সরকারের লক্ষ্য। একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং একটি পরিবারের সচ্ছলতা ও সন্তানদের ভবিষ্যৎও জড়িত। প্রবাসীদের শ্রম ও উপার্জন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি লাখো পরিবারের জীবন বদলে দিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আরও বলেন, বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার পথ তৈরি করে—সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান তিনি। কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

পাঠকের মন্তব্য