জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন
রাশেদ হোসাইন, নাঙ্গলকোট : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে।অভিযোগকারীদের দাবি, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে গিয়ে নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, সরকারি ফির তালিকা প্রকাশ এবং তহবিলের আর্থিক হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।অভিযোগের বিষয়ে প্রকৃত তথ্য ও প্রমাণ সংগ্রহের লক্ষ্যে জোড্ডা পশ্চিম ইউনিয়নের ভুক্তভোগীদের আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি, হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ সঙ্গে আনতে বলা হয়েছে।এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উত্থাপিত প্রতিটি ঘটনা তদন্ত করা হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নির্ধারিত ফি নিশ্চিত হবে।

পাঠকের মন্তব্য