ডিসেম্বর ঘিরে সতর্ক বিজিবি, হিলি সীমান্ত পরিদর্শনে সেক্টর কমান্ডার
ডিসেম্বর মাসকে ঘিরে গুজব ও অপতৎপরতা রুখে দিতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।শনিবার সকাল ১১টায় হিলি সীমান্ত পরিদর্শন শেষে চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেক্টর কমান্ডার বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড ও উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

পাঠকের মন্তব্য