বিট কার্যালয়ের নাকের ডগায় রিজার্ভ বনে গাছ নিধন!
ফাইল ফটো
বান্দরবানের আলীকদম উপজেলার সংরক্ষিত বনাঞ্চল মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে। বাবুপাড়া বিট কার্যালয়ের অদূরে বুজিখাল ব্রিজসংলগ্ন পাহাড়ের রিজার্ভ বনভূমি থেকে মূল্যবান সেগুন ও বেলজিয়াম (আকাশমণি) গাছ কেটে ফেলার ঘটনায় বন বিভাগের নজরদারি ও দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে বুজিখাল ব্রিজসংলগ্ন বাবুপাড়া এলাকার রিজার্ভ বাগানে গাছ কাটার চিত্র দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ছাড়া গাছ কাটা ও কাঠ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তার মৌখিক অনুমতি রয়েছে বলেও স্থানীয়ভাবে অভিযোগ ও গুঞ্জন ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কার্যকর নজরদারির অভাব এবং রহস্যজনক নীরবতার সুযোগে একটি চক্র সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বন বিভাগের বাবুপাড়া বিট কার্যালয়ের এত কাছাকাছি এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও তা প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এতে বন বিভাগের তদারকি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
শুধু মাতামুহুরী নয়, বান্দরবানের সাঙ্গু রিজার্ভ বনাঞ্চল থেকেও বিভিন্ন সময়ে গাছ কাটা ও কাঠ পাচারের অভিযোগ পাওয়া গেছে। একের পর এক এমন অভিযোগ সংরক্ষিত বনাঞ্চলের নিরাপত্তা, বনসম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
পরিবেশসংশ্লিষ্টদের মতে, সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কাটা হলে শুধু মূল্যবান বনসম্পদই ধ্বংস হয় না, মারাত্মক হুমকির মুখে পড়ে পাহাড়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ। বৃক্ষ নিধনের ফলে মাটির স্থিতিশীলতা নষ্ট হওয়া, প্রাকৃতিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং পাহাড়ধসের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই রিজার্ভ বনাঞ্চলে গাছ কাটার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযোগের বিষয়ে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আ.স.ম রিদোয়ানুল হকের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার অভিযোগের বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত ও কার্যকর পদক্ষেপ এখন স্থানীয়দের প্রত্যাশা।

পাঠকের মন্তব্য