ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সব শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন, শেয়ারের দাম কত
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের দাতা হিসেবে বিশেষ খ্যাতি নেই; বরং বিভিন্ন হিসাবে দেখা যায়, অন্যান্য শীর্ষ ধনীর তুলনায় দান করার ক্ষেত্রে তিনি অনেকটাই পিছিয়ে। তবে মাস্কের এক ঘোষণায় অনেকের তাক লেগে গেছে।
বিষয়টি হলো, যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি করে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। স্পেসএক্সের শেয়ারের দামের বিবেচনায় তাঁর এই উদ্যোগের আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার। খবর রয়টার্স
আগামী বছর জুন মাসে শেয়ার বিক্রির নিষেধাজ্ঞা (লক ইন) উঠে গেলে এই শেয়ার দেওয়া হবে। গতকালের বাজার দর অনুসারে, স্পেসএক্সের প্রতি শেয়ারের ১২৭ ডলার।
যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং উৎসবের আগের দিন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে শেয়ার দেওয়ার ঘোষণা দেন ইলন মাস্ক। এর কয়েক ঘণ্টা আগেই মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন পায় তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এই অনুমোদন দিয়েছে। এআই কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
ঘোষণায় বলা হয়েছে, প্রত্যেক শিশুকে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং আরেকটি দেবেন ইলন মাস্ক নিজে। এক্স পোস্টে মাস্ক জানান, ভবিষ্যতেও এ কর্মসূচি চালিয়ে যাবেন তিনি। অর্থাৎ ভবিষ্যতে প্রতিবছর যুক্তরাষ্ট্রের শিশুদের একটি করে স্পেসএক্সের শেয়ার দেওয়ার পরিকল্পনা আছে তাঁর।
তবে এই উপহার দেওয়ার প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন হবে না। স্পেসএক্স জানিয়েছে, বর্তমানে প্রতিটি সক্রিয় ট্রাম্প অ্যাকাউন্টে দেওয়া হবে কোম্পানির এ শ্রেণির একটি করে সাধারণ শেয়ার। মাস্ক ব্যক্তিগতভাবে সমপরিমাণ শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর ব্যক্তিগত শেয়ার হস্তান্তর শুরু হবে আগামী বছরের জুনে, যখন তাঁর শেয়ার বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সীদের শেয়ারবাজারে অংশীদারত্ব তৈরি এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তোলার সুযোগ দিতে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচি চালু করা হয়েছে। হোয়াইট হাউসের গত অক্টোবরের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রায় সাত কোটি হিসাব খোলা হয়েছে। তবে স্পেসএক্সের উপহারের শেয়ার সরাসরি এসব হিসাবের সঙ্গে কীভাবে যুক্ত হবে, সে বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকেরা অবশ্য মনে করছেন, মাস্কের এই উদ্যোগ কেবল দাতব্য কার্যক্রম নয়। সিঙ্গাপুরভিত্তিক ওসিবিসি ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান চেজ আনবু রয়টার্সকে বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে স্পেসএক্সের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের বৈশ্বিক বাজারবিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফার ব্র্যাঙ্কিনের মতে, এই উদ্যোগের বাণিজ্যিক দিক রয়েছে। এর মাধ্যমে স্পেসএক্স দীর্ঘ মেয়াদে বিপুলসংখ্যক ব্যক্তিগত শেয়ারধারী তৈরি করতে পারবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে শেয়ারবাজারে আগ্রহ ও বিনিয়োগের অভ্যাস গড়ে উঠবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই শেয়ারধারীরা অনলাইন লেনদেন প্ল্যাটফর্মের সম্ভাব্য গ্রাহক হয়ে উঠতে পারে।
এদিকে মহাকাশে বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ আছে জ্যোতির্বিজ্ঞানীদের। এফসিসির অনুমোদনের পর আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি হতাশা প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, মহাকাশে এত বিপুল স্যাটেলাইট স্থাপন করা হলে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ব্যাহত হবে। রাতের আকাশ পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান গবেষণায় কয়েক দশকের সরকারি বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে। সেই সঙ্গে এআই ডেটা সেন্টারের বিষয়ে বিরোধিতা আছে।
এই পটভূমিতে মাস্কের শেয়ার উপহারের ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের হাতে ভবিষ্যৎ প্রযুক্তি অর্থনীতির মালিকানা তুলে দেওয়ার কথা বলছেন তিনি। গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে নিজের একটি করে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক। তখন তিনি বলেছিলেন, ভবিষ্যৎ অর্থনীতির অংশীদারত্ব সরাসরি মানুষের হাতে তুলে দেওয়াই সঠিক পথ।
হংকংভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান টোসাফান্ডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক টিঙ্কারের মতে, মাস্কের এই উদ্যোগের আরেকটি উদ্দেশ্য আছে। সেটা হলো, ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির প্রচার বাড়ানো। পাশাপাশি অ্যানথ্রপিকের জনকল্যাণমূলক উদ্যোগের বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরার কৌশলও হতে পারে এটি। এআই খাতে মাস্কের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক চলতি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে নিজেদের ৫ শতাংশ শেয়ার জনকল্যাণমূলক তহবিলে দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিল।
ফোর্বসের হিসাব অনুযায়ী, মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৮৬ হাজার ২৮০ কোটি ডলার। গত জুন পর্যন্ত স্পেসএক্সে তাঁর প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল। তাঁর দাতব্য কার্যক্রমের বড় অংশ পরিচালিত হয় মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, এই ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি।
স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী গত অক্টোবরে ট্রাম্প অ্যাকাউন্ট কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে, মাস্কের নতুন এই ঘোষণা মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় সাধারণ মানুষের অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ।

পাঠকের মন্তব্য