উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
ভৈরব কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নবনির্মিত এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া নিম্ন-আয় এলাকায় ৯০ লাখ টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মুজিবুর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।
পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ২৬৫ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং ভৈরবের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন। বর্তমান সরকারের এই ৯ মাসে কোনো গায়েবি মামলা হয়নি এবং কেউ হয়রানির শিকার হননি। দেশের মানুষ পতিত পরাজিত শক্তিকে আর দেখতে চায় না।

পাঠকের মন্তব্য