দশমিনায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহড়ার আয়োজন করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দশমিনা। সহযোগিতা করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ফায়ার সার্ভিস। চারদিকে মাঠে খেলায় মগ্ন শিশুরা। অন্যদিকে বিয়ের আনন্দ। নতুন বধূর সাজে বসে আছে রাবেয়া, বরযাত্রী নিয়ে ব্যস্ত শিবলু মিয়া। মসজিদে নামাজের প্রস্তুতি নিচ্ছেন ইমাম,হঠাৎ আঘাত হানে ঘূর্ণিঝড়। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সাজানো সংসার। মেহেদির রং শুকানোর আগেই প্রাণ হারান নববধূ, ১০ বছরের শিশু হাসানের মরদেহ ঝুলে থাকে গাছের ডালে।
তবে এটি বাস্তব ঘটনা নয়। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও সতর্কসংকেত উপেক্ষার পরিণতি তুলে ধরতে এমনই এক হৃদয়স্পর্শী প্রতীকী মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় দেখানো হয়, সতর্কবার্তা পেয়েও অবহেলা করলে কী ভয়াবহ পরিণতি হতে পারে। একই সাথে সতর্কসংকেত পাওয়ার পর দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া, প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখা, গবাদিপশু সরিয়ে নেওয়া এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তায়। দুপুর সোয়া ২টা থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় শুধু সতর্কসংকেত প্রচার করাই যথেষ্ট নয়, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আগেভাগে প্রস্তুতি নিলেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। সিপিপি বরিশালের উপ-পরিচালক জনাব মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন দশমিনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ আলম শানু, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান সহ জনপ্রতিনিধি, সিপিপি, রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মহড়া শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা ।

পাঠকের মন্তব্য