চৌহালীতে হাঁসের খামার করে স্বাবলম্বী বহুলুল বেপারি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. বহুলুল বেপারি এখন এলাকার অনেকের কাছেই অনুকরণীয়। একসময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল হাঁসের খামার গড়ে তুলে আজ স্বাবলম্বী। এই খামার তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। নিজের সাফল্যের গল্প শুনিয়ে বহুলুল বেপারি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে প্রায় এক বছর আগে তিনি হাঁসের খামার গড়ে তোলেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে তিনি এই ব্যবসায় উদ্বুদ্ধ হন। মেয়ের জামাইয়ের কাছ থেকে চার লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সী ৯৪১টি হাঁসের বাচ্চা দিয়ে তিনি যাত্রা শুরু করেন। বিভিন্ন কারণে ২৭৫টি হাঁস মারা গেলেও বর্তমানে তাঁর খামারে ৬৬৬টি হাঁস রয়েছে। এর মধ্যে ৪৪৪টি লেয়ার হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যাচ্ছে। বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি খাঁচি ডিমের দাম ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত পাওয়া যায় বলে তিনি জানান।তাঁর খামারে উৎপাদিত ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারেও সরবরাহ করা হচ্ছে। বহুলুল বেপারি বলেন, এই খামার তাঁর জীবন পাল্টে দিয়েছে। তিন ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ সংসারের যাবতীয় ব্যয় এখন এই আয় থেকেই নির্বাহ হচ্ছে। তাঁর স্ত্রী মর্জিনা বেগম জানান, এই খামার তাঁদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকায় শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল। ভবিষ্যতে খামারটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর।খামারের এই সাফল্যে খুশি এলাকাবাসীও। স্থানীয়দের মতে, বহুলুল বেপারির এই উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম জানান, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম এবং তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে গ্রামীণ পরিবারগুলো সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এলাকার খামারি ও সাধারণ মানুষ যেভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন, তা প্রশংসনীয়।তিনি আরও বলেন, হাঁস পালনের মাধ্যমে শুধু আয়ের পথই তৈরি হচ্ছে না, বরং ডিম ও মাংসের চাহিদা পূরণের মাধ্যমে স্থানীয় পুষ্টি নিরাপত্তাও জোরদার হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান কর্মসূচি এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালন আরও লাভজনক হবে।

পাঠকের মন্তব্য