ধামইরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী শামীম কবির মিল্টন
মোকছেদুল ইসলাম ,পত্নীতলা : নওগাঁর ধামইরহাট উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মো. শামীম কবির মিল্টনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে উপজেলার পলাশবাড়ি বাজারে আয়োজিত এক কর্মীসভায় তাঁর নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা। শামীম কবির মিল্টন বর্তমানে ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে এম লায়েক আলী, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন এবং জেলা মহিলা দলের সহসভাপতি মাজেদা বেগম প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় ভোটের আলোচনা জমে উঠবে বলে আশা করছেন প্রার্থী, ভোটার ও সমর্থকরা।

পাঠকের মন্তব্য