কালিয়াকৈরে জমকালো আয়োজনে টেপবল বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন
গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, ডিসপ্লে ও ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ আসরের উদ্বোধন করা হয়।উদ্বোধনী আয়োজনে উপজেলার ২২টি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন, বর্ণিল সাজসজ্জায় ‘যেমন খুশি তেমন সাজো’ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের সৃজনশীল ও নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. শহিদুল ইসলাম, এস এম খালেদ হোসেন ও মো. সাইদুর রহমান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা সাইজুদ্দিন আহমেদ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সচেতন মহল ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, টেপবল বিপিএলের এ আয়োজন শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ টেপবল বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন কালিয়াকৈরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

পাঠকের মন্তব্য