বেলাবোতে পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত, এলাকায় আতঙ্ক
মোঃ রাজিব ভূইয়া , বেলাবো : নরসিংদীর বেলাবো উপজেলার চরবেলাব গ্রামের কৃষি এলাকায় একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার কৃষকরা চরবেলাব গ্রামের বিভিন্ন সবজি ক্ষেতে কাজ করছিলেন। কেউ শিম ক্ষেতের পাতা ছাঁটাই করছিলেন, আবার কেউ জমির আইলে কাজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই একটি পাগলা শিয়াল কৃষক ও স্থানীয় লোকজনের ওপর চড়াও হয়। যাকে সামনে পেয়েছে, তাকেই অতর্কিত আক্রমণ করে কামড়াতে শুরু করে। ক্ষেতের ভেতরে কাজ করার সময় আত্মরক্ষার সুযোগ না পেয়ে অনেকে শিয়ালের কামড়ে গুরুতর জখম হন।হাসপাতাল ও চিকিৎসা সূত্র জানায়, শিয়ালের কামড়ের শিকার হয়ে একে একে প্রায় ২৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের মধ্যে বেশিরভাগের ক্ষতের পরিমাণ গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টি-রেবিস ইনজেকশন দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাৎ করে দিনের আলোয় এমন পাগলা শিয়ালের উপদ্রব এবং একসঙ্গে এত লোক আক্রান্ত হওয়ার ঘটনায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত শিয়ালটিকে আটক বা নিধনের জন্য স্থানীয় প্রশাসন ও বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পাঠকের মন্তব্য