দলীয় পরিচয় ও ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে কাজ করার প্রত্যয় এমপি এনামুল হকের
আবদুল্লাহ আল নোমান , পটিয়া : দলীয় পরিচয় কিংবা ধর্মীয় ভেদাভেদ নয়, পটিয়ার সব মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবার অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করতে চান। শুক্রবার পটিয়ার বাথুয়া জ্ঞানোদয় বিহারে ১০৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক এনাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের সমান অধিকার রাখেন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়েই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।তিনি আরও বলেন, কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। এ উৎসবের মধ্য দিয়ে দান, ত্যাগ, সংযম ও মানবকল্যাণের যে শিক্ষা পাওয়া যায়, তা সবার জন্য অনুসরণীয়। পটিয়ার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ উদ্দীন চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ চৌধুরী, আলমগীর, ছগির সওদাগর, ডা. নাসির উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, দায়ক-দায়িকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য