২০ বিজিবির এক মাসের অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ, আটক ১৭
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) গত এক মাসের বিশেষ আভিযানিক কার্যক্রমে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের চোরাচালানি মালামাল, মাদকদ্রব্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জব্দ করেছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬ তারিখে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। মাসব্যাপী পরিচালিত অভিযানে জব্দকৃত
উল্লেখযোগ্য মালামাল ও মাদকের মধ্যে রয়েছে: ২,৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮,৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস এ্যাম্পল ইঞ্জেকশন, ৩১২ বোতল যৌন উত্তেজক সিরাপ, ১৭৩ বোতল অন্যান্য মাদকদ্রব্য সিরাপ এবং ৩৮৯ কেজি ৮০০ গ্রাম ওজনের ছয়টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন (বেলে/কষ্টি পাথর)। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে।

পাঠকের মন্তব্য