কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে: এমপি কাজী রফিকুল ইসলাম
বগুড়ার সোনাতলায় ৩ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের স্বাবলম্বিতা অর্জন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা ধরনের কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে বিনামূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা অব্যাহত থাকবে। রোববার সকালে সোনাতলা উপজেলা মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদের যথাযথ সহযোগিতা করতে হবে। কৃষকদের পাশে থেকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অনাবাদি জমিতেও ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা ও জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ। উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, চলতি রবি মৌসুমে সোনাতলা উপজেলায় মোট ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৩ হাজার কৃষককে সরিষার বীজ, ১০০ জনকে মসুরের বীজ এবং ১০০ জনকে চিনাবাদামের বীজ প্রদান করা হবে। এসব কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে উপজেলার রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকের মন্তব্য