মান্দায় কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট বাজারে একটি কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোর চক্র এই ঘটনা ঘটায়। ভুক্তভোগী ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দোকানে এসে দেখেন, পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা মালামাল নিয়ে গেছে। তার দাবি অনুযায়ী, চোর চক্র দোকান থেকে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মূল্যবান কীটনাশক ও সার লুট করে নিয়ে গেছে।
এদিকে, ফেরিঘাট বাজারের মতো জনসমাগমপূর্ণ ও ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেরিঘাটের মতো জায়গায় দিনরাত মানুষের আনাগোনা থাকে। এমন গুরুত্বপূর্ণ স্থান থেকে এভাবে চুরি হওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সার্বিক দিক বিশ্লেষণ করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মন্তব্য