লোহাগড়ায় বিএনপি নেতা পলাশের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
নড়াইলের লোহাগড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম পলাশের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রবিউল ইসলাম পলাশকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে হামলাকারী বা হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি নিজেও হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

পাঠকের মন্তব্য