ডিসেম্বরে নাশকতার শঙ্কা, বিশেষ নজরদারিতে ঢাকা
ফাইল ফটো
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাঁদের মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এসব পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জ ও আশপাশের কয়েকটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনার তথ্যও রয়েছে। পাশাপাশি ঢাকায় আকস্মিক জমায়েতের প্রস্তুতির বিষয়টি গোয়েন্দাদের নজরে এসেছে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে দলটির ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্ভাব্য নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে ঢাকা, গোপালগঞ্জ ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগর পুলিশের কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ জানিয়েছেন, সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে পুলিশের কাছে তথ্য রয়েছে। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রের তথ্যমতে, সেখানে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি বিজিবির ১০ প্লাটুন এবং এসআরবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝুঁকি বিশ্লেষণ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা সেতু, মহাসড়ক ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডিসেম্বর মাসে ঢাকায় বড় জমায়েত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের নেতাকর্মীরা রাজধানীর কোনো নির্দিষ্ট এলাকায় আকস্মিকভাবে জড়ো হতে পারেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের জেলার পুলিশ সুপারদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। রাজধানীতে বড় জমায়েতের চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মন্তব্য