পত্নীতলায় বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোকছেদুল ইসলাম , পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে নজিপুর মুগ্ধ কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সাদেকুল বারী, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এ.জেড. মিজান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, শাহির হোসেন শিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ৫ নম্বর মাটিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক।

পাঠকের মন্তব্য