ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক
ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। মগুলিবিদ্ধ আনন্দ ওই এলাকার বিষ্ণুর ছেলে। এ ঘটনায় একই এলাকার শ্রীরাম (৩০) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তবে অপর অভিযুক্তের পরিচয় জানা যায়নি। আহত আনন্দ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আনন্দের বাড়িতে ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আনন্দের সঙ্গে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশ বসার কথা ছিল। তবে সালিশের আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেলে করে অভিযুক্ত ও তার সহযোগী ঘটনাস্থলে এসে আনন্দকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে দুটি গুলি আনন্দের শরীরে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান জানান, কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। এর আগেই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন রাউন্ড গুলির তথ্য পেয়েছে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মন্তব্য