কালাইয়ে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও নীতিমালা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ (UDYOG)’-এর আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও বিশদ নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলার সকল ব্যাংকের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়ার যুগ্ম পরিচালক মো. মাহফিজুর রহমান। তিনি তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ও যথাযথ নিয়মে অর্থায়ন পাওয়ার বিভিন্ন দিক এবং কর্মসূচির বিশদ নীতিমালা নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথির বক্তব্যে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মো. সোহেল তালুকদার এবং আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল খয়ের গোলাম মওলা।
লিড ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, কালাই শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। সেমিনারে কালাই উপজেলার সকল ব্যাংকের ব্যবস্থাপক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার তরুণ উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক এবং ৫টি ইউনিয়ন পরিষদের প্যানেল সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাঠকের মন্তব্য